বাংলাদেশের অফ স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ কর্মকর্তারা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ শেষে তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয় ২৯ বছর বয়সী এই স্পিনারের। অভিষেক ম্যাচে ৮.৩ ওভার বল করে ৪৭ রান দেন তিনি।
এর আগে চলতি মাসের শুরুতে এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়েছিল আলিসের।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত বিধিমালা অনুযায়ী, এখন তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। এ জন্য আইসিসি স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে স্বাধীন মূল্যায়নের মুখোমুখি হতে হবে তাঁকে। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সময়টা ভালো কাটেনি। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দুই ম্যাচেই হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
এফএস