যশোরের মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় এনামুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে নৃশংস ভাবে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে যশোরের কোতোয়ালী মডেল থানার কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাব্বি (২২) ও রাকিব।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর কোম্পানি জানায়, গত ০৬ জুন এনামুল ইসলামের নাতনি সুমাইয়াকে স্কুল থেকে ফেরার পথে উত্যক্ত করে রাব্বি। এ ঘটনায় এনামুল ইসলাম প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে গত সোমবার (০৮ জুন) রাত ৯টা ১০ মিনিটের দিকে স্মরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে এনামুল ইসলামের পথরোধ করে একদল দুর্বৃত্ত। সে সময় চাপাতি ও চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে রাত ১০টা ১৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে নেমে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে মামলার মূলহোতা ও এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
এসএম/এমএ