নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল (২১) নামে এক যুবককে আটক করতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্তের বাবার নাম মো. সালাউদ্দিন।
জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক উভয়েই ওই বাড়ির ভাড়াটিয়া। বুধবার বিকেলে শিশুটি বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় তাকে খুঁজে পাচ্ছিলেন না তার বাবা-মা। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে শিশুটি উলঙ্গ অবস্থায় বাসার দিকে দৌড়ে আসে। পরে সে তার বাবা-মাকে ঘটনার বিস্তারিত জানালে তারা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায়। এ সময় অভিযুক্তের স্বজনরা লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে আটক করতে গেলে তার স্বজনরা জড়ো হয়ে আমাদের ওপর হামলার প্রস্তুতি নেয়। তবে অতিরিক্ত পুলিশ সদস্য উপস্থিত থাকায় তারা হামলা চালাতে পারেনি। আমাদের কোনো সদস্য আহত হননি। অভিযুক্তকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।”
এসএস/আরএন