জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের একাধিক চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১০ জুন) সকালে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় এক বিজিবি জওয়ানের বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের আন্তর্জাতিক ১০৮২ নম্বর পিলারের কাছে বিএসএফ সাতজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলেন।
বাধার মুখে ছয়জন ভারতে ফিরে যেতে সক্ষম হলেও প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন।
এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক বিজিবি জওয়ানকে বলতে শোনা যায়, “আপনি গুলি চালানোর কথা কেন বললেন? আপনি গুলি চালালে আমি বসে থাকব? আপনার কাছে গুলি আছে, আমার কাছে নেই?”
ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণে উভয় পক্ষই আপত্তি জানায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনার কথা জানিয়ে বিএসএফ ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছিলেন বলে জানা যায়।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসাইন বলেন, “সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করছে। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।”
জেডজেড/ এসআর