রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় ভোগ্যপণ্যের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় একটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ‘রাজধানী বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত অবৈধ বিভিন্ন উপাদান বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।” তিনি ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানান।
এসআই/আরএন