খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে চাঁদা দাবিতে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার পর আসলাম সিকদার নামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে এ হুমকি দেন। এ ঘটনায় স্থানীয় চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্ত আসলাম সিকদার +৮৮০১৯৫০-৯৯৯১৭৮ নম্বর থেকে ফোন করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ভয়ভীতি দেখান। কথোপকথনের একপর্যায়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, ‘হয় অর্থ, নয় রক্ত’—এই দুটির যেকোনো একটি তাঁকে দিতে হবে। এ ধরনের হুমকিতে ওই সরকারি কর্মকর্তা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
ডা. আহসানারা বিনতে আহমেদ ফোনে তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করলে অভিযুক্ত আরও বেপরোয়া আচরণ করেন বলে জানা গেছে। ঘটনার পরপরই তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান।
এ বিষয়ে ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই কর্মক্ষেত্রে এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি সহায়তা পাওয়ার জন্য তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল কবীর বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ফোনে হুমকিটি এসেছে গাজীপুরের জয়দেবপুর থেকে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের হুমকি বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হচ্ছে। একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদা দাবি করে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা হুমকিদাতাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
এসএস/আরএন