গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া রেলগেট এলাকায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় হকার ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
রোববার (১৭ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা–টঙ্গী–ভৈরব রেলপথের আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রেন আসার সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুমুল ইসলাম জানান, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তুমলিয়া রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দীন বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, তার নাম জব্বার হতে পারে। তিনি হকারি করতেন এবং তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর বা বাজিতপুর এলাকায় হতে পারে।
তিনি আরও জানান, মরদেহ শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হচ্ছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
আরএস/এসআর