চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। এতে বাস যাত্রীদের মধ্যে অন্তত ১৪ যাত্রী আহত হন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। তারা সবাই ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।
ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাহাব উদ্দিন ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খেতে পড়ে যায়। মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এতে অন্তত ১৪ যাত্রী আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে এলাকাবাসী ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।
পরে ফটিকছড়ি থেকে গুরুত্বর আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এসআর