জামায়াতে ইসলামী বাংলাদেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।
সোমবার সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন উত্তরের সর্বস্তরের জনগণের আয়োজনে দেবীরচর বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের বিরুদ্ধে থাকে। ১৯৭১ সালেও এই দলটি রাজাকার-আলবদর বাহিনী গঠন করে মানুষকে হত্যা করেছে। জামায়াতে ইসলামী মহিলাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ঘরে তালাবদ্ধ করতে চায়।
তিনি আরও বলেন, বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। আগামী নির্বাচনে বিপুল ভোটে আবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে একটি সুখী-সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করবে।
বদরপুর ইউনিয়ন উত্তর শাখা বিএনপি’র সভাপতি মো. শহিদুল্লাহ মেলকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. ফয়সাল তালুকদারসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচপি/ এসআর