জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির আইল বাঁধাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে দেলোয়ার হোসেন (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন ছোট ভাই নবীনুর রহমানের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর ঘটনাস্থলে এসে তাঁকে আইল বাঁধতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে নবীনুর রহমান কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুর রহমানকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমির আইল বাঁধাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নবীনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলেও জানান তিনি।
এসআই/আরএন