ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় রূপালী সৈকত আবাসিক প্রকল্পের মালিক ও সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ দূষণ রোধ এবং সড়ক উন্নয়নের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা আমিনবাজার বাজারসংলগ্ন রূপালী সৈকত কল্যাণ সমিতির সাইট অফিসের সামনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি ও রূপালী সৈকত আবাসিক প্রকল্পের সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ এবাদউল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন এ কে এম জিয়াউল হক শামীম, আমিনবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন ফালান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সিবিএ সভাপতি এম এ বারী, অর্থ মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল হক, এড: আরিফা জেয়াস্মিন,সাবেক ডিপুটি জেনারেল সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রূপালী সৈকত আবাসিক প্রকল্পে প্রায় ৩০০টি পরিবার বসবাস করছে। এসব পরিবারের স্কুলপড়ুয়া শিশু-কিশোরসহ সাধারণ বাসিন্দারা বালু ও কয়লাবাহী ড্রাম ট্রাক এবং লরি চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। ভারী যানবাহন চলাচলের ফলে আবাসিক এলাকার সড়কগুলো বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
পাশাপাশি এসব যানবাহন থেকে উড়ে আসা ধুলাবালি ও কয়লার গুঁড়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে শিশু-কিশোরসহ বাসিন্দারা শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বালু ও কয়লাবাহী ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ, সড়ক সংস্কার এবং পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। অভ্যন্তরে মাদক সেবন, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে বাসিন্দা ও জমির মালিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। পাশাপাশি কয়লা ও বালুর ব্যবসার কারণে পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগ বাড়ছে।
এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ, পরিবেশ দূষণ রোধ এবং সড়ক অবকাঠামোর উন্নয়নে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এসএস