মুন্সীগঞ্জের শ্রীনগরে দাদার সঙ্গে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে। অপর শিশু আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে মূল বাড়ির কিছুটা দক্ষিণে অবস্থিত পুরোনো বাড়িতে (ছালাম দেওয়ানের বাড়ি) বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এ সময় শিশু দুটি বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়।
পরে শিশুদের খাবার খাওয়ানোর জন্য তাদের মায়েরা খোঁজ করতে গিয়ে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম চলছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিল্টন দত্ত জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এইচআই/আরএন