নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন ব্যবহার করে দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন এক রোহিঙ্গা নারী। এ ঘটনায় ওই নারী ও তাঁর বাবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্য দুজন স্থানীয় বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে গেলে কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) নামের ওই নারীর পরিচয় নিয়ে সন্দেহ হয়। পরে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তাঁকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক অন্যরা হলেন কাউসার বিবির বাবা রশিদউল্লাহ ওরফে মোহাম্মদ বদিউল আলম (৪০), পূর্বধলার পাঠলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক (৩০)। কাউসার বিবি ও তাঁর বাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর বাবা-মেয়ে রেলযোগে ময়মনসিংহের গৌরীপুর হয়ে পূর্বধলার পাঠলি গ্রামে আব্দুল জলিলের মাদ্রাসায় আসেন। এর আগে প্রায় দুই মাস আগে কাউসার বিবির জন্মনিবন্ধন করিয়ে দেওয়ার জন্য আজিজুল হকের সঙ্গে যোগাযোগ করেন জলিল। অভিযোগ রয়েছে, আজিজুল হক আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জয় ঘোষের মাধ্যমে জন্মনিবন্ধনটি করিয়ে দেন।
তবে জয় ঘোষ এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ওই নারীর জন্মনিবন্ধন তৈরি করেননি। ইউনিয়ন পরিষদে কাজ করা মিঠুন নামের আরেক অপারেটর এটি তৈরি করেছেন। বিষয়টি জানার পর তিনি চেয়ারম্যানকে অবহিত করেছিলেন বলেও দাবি করেন।
এদিকে, আগিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের অনুমোদন ও স্বাক্ষর ছাড়া জন্মনিবন্ধনটি সম্পন্ন হয়নি বলে জানা গেছে। কীভাবে একজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দার নামে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি ও অনুমোদন করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পূর্বধলার ইউএনও শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় দুই ব্যক্তিসহ চারজন পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে।
এমআই/আরএন