বরিশালের গৌরনদী ও উজিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে গৌরনদীতে দুটি বাসের সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, উজিরপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজ এলাকায় গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসটি ঘরের ওপর পড়ার আগেই বাসিন্দারা সরে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান (৭৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মোটরসাইকেলচালক রাহাত সরদার (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত রাহাতকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করেন। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
এসএস