বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় ঘরের সদস্যরা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহত বাসযাত্রীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ