কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় টানা এক মাস জ্বলার পর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। শুক্রবার সকালে সংস্থাটির কারিগরি দলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কূপ থেকে গ্যাসের প্রবাহ এখনো বন্ধ হয়নি। তা পুরোপুরি বন্ধ করতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।
২৭ অক্টোবর সকাল ৭টার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় ১১ নভেম্বর বাপেক্সের একটি কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে বাপেক্সের ড্রিলিং দল ৩০ ইঞ্চি ব্যাসের পাইপ কূপের প্রায় ১৩ ফুট গভীরে প্রবেশ করিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চারদিক থেকে পানি ছিটিয়ে আগুনের তাপ কমায়। এরপর প্রায় ১০ মিনিটে কেসিং স্থাপনের কাজ শেষ হয়। পরে কেসিংয়ের সঙ্গে যুক্ত ডাইভার্টারের মাধ্যমে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাস পাইপ দিয়ে প্রায় ৪০ ফুট দূরে সরিয়ে নেওয়া হলে আগুন নিভে যায়।
বাপেক্সের ড্রিলিং দলের কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, আগুন জ্বলন্ত অবস্থায় প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি স্থাপন করাই ছিল অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম ধাপে কেসিং পাইপ স্থাপন করে ডাইভার্টারের মাধ্যমে গ্যাস বের হওয়ার পথ পরিবর্তন করা হয়েছে। এখন গ্যাস পাইপ দিয়ে নিরাপদ দূরত্বে বের হচ্ছে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এটিই চূড়ান্ত সমাধান নয়। আগে খনন করা প্রায় এক হাজার ফুট গভীর বোরিংয়ে পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করানো হবে। এরপর হাই-প্রেশার সিমেন্টিং ইউনিটের মাধ্যমে পানি ও বেনটোনাইটের মিশ্রণ পাম্প করে ভূগর্ভে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এস এম নাফিকুন আরহাম বলেন, কূপ থেকে গ্যাসের নিঃসরণ এখনো চলছে। গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ করতে কেসিংয়ের ভেতরে ড্রিলিং পাইপ প্রবেশ করিয়ে সিমেন্টিং করা হবে। এ কাজ শেষ হতে চার থেকে পাঁচ দিন লাগতে পারে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ইনানী এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স। রকিবুল হাসান জানান, সেখানে ভূতাত্ত্বিক জরিপের প্রস্তুতি নেওয়া হবে। প্রয়োজনীয় বেজ তৈরি করে জরিপ শুরু করতে হবে। পুরো জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গ্যাসের সম্ভাব্য কাঠামো ও মজুতের অবস্থান নির্ধারণ করা হবে।
তবে ইনানীতে গ্যাসের উপস্থিতি থাকলেও এটিকে এখনই বাণিজ্যিক গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচনা করছে না বাপেক্স। সংস্থাটির প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ভূগর্ভে গ্যাসের উপস্থিতি থাকলেই সেটিকে বাণিজ্যিক গ্যাসক্ষেত্র বলা যায় না। গ্যাসের পরিমাণ, চাপ, বিস্তৃতি ও উত্তোলনযোগ্যতা যাচাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, শুরুতে ঘটনাটিকে ভূগর্ভের সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ হিসেবে বিবেচনা করে প্রায় ১৫ দিন পর্যবেক্ষণে রাখে বাপেক্স। পরে গ্যাসের প্রবাহ ও আগুন অব্যাহত থাকায় বিশেষজ্ঞরা চাপ ও তাপমাত্রা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। এরপর আগুন নিয়ন্ত্রণে কয়েক ধাপে কারিগরি প্রস্তুতি নেওয়া হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও কয়েক মিনিটের মধ্যে তা আবার জ্বলে ওঠে। পরে যান্ত্রিক ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি শেষ করে শুক্রবার সকালে চূড়ান্ত অভিযান চালানো হয়।
এসএস