কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন ও বিশেষ ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্য পথে সরিয়ে নেওয়ার পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে আগুন নিভলেও শেষ হয়নি কূপের কাজ। এবার শুরু হচ্ছে আরও এক হাজার ফুট গভীর খনন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এ তথ্য জানিয়েছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর পরবর্তী ধাপে কূপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে আরও এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। এ সময় ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হবে বিশেষ কাদামিশ্রণ বা ‘মাড’।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খননকাজ সফলভাবে শেষ হলে ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় কাদামিশ্রণ প্রয়োগ করা হবে। এরপর তৈরি করা হবে গ্যাস নির্গমনের স্থায়ী ব্যবস্থা। পরবর্তী সময়ে ভূতাত্ত্বিক ও ভূকম্পন (সিসমিক) জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কূপটিতে গ্যাসের সম্ভাবনা যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নির্ধারণ করা হবে পরবর্তী অনুসন্ধান কার্যক্রম।
এর আগে গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ মাটির নিচ থেকে তীব্র বেগে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর থেকে টানা এক মাস ধরে জ্বলছিল আগুন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাপেক্সের প্রকৌশলী ও বিশেষজ্ঞরা কয়েক দফায় কারিগরি পদক্ষেপ নেন। সর্বশেষ ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাসের প্রবাহ নিরাপদ পথে সরিয়ে নেওয়া হয়। এতে দীর্ঘ এক মাস পর আগুনের অবসান ঘটে।
তবে আগুন নিভে যাওয়াকে কূপটিতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত থাকার নিশ্চয়তা হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। পূর্ণাঙ্গ খননকাজ, ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপের ফলাফল বিশ্লেষণের পরই জানা যাবে, ইনানীর এই কূপে গ্যাসের প্রকৃত সম্ভাবনা কতটুকু।
শাহেদ হোছাইন মুবিন/এসএ