আগামী ২০২৭ সালের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর জন্য মিড ডে মিল (দুপুরের খাবার) কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে স্কুল ফিডিং বা দুপুরের খাবার কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে দেশের ৫০৩টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে।
তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রায় এক কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে।
কর্মসূচির মান ও কার্যকারিতা বাড়াতে মায়েদের সম্পৃক্ততা এবং খাবারের গুণগত মান তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলের দুপুরের খাবার সুস্বাদু, পুষ্টিকর ও সহজলভ্য করতে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে শিশুদের পুষ্টিহীনতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ক্ষেত্রে মায়েদের অংশগ্রহণ ও নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান ও আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত ফসলের চাষ, ভিটামিন 'এ' সমৃদ্ধ ধান উৎপাদন এবং পুষ্টির ঘাটতি মোকাবিলায় রোগ প্রতিরোধী আলুর চাষ সম্প্রসারণ করতে হবে।
কৃষিতে কীটনাশকের ব্যবহার কমাতে বিশেষ প্রতিরোধী বেগুন চাষের কথাও উল্লেখ করেন তিনি। জানান, বর্তমানে তিন হাজারেরও বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।
এ ছাড়া আধুনিক সেচব্যবস্থা ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পতিত জমিকে চাষের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টি সংবেদনশীল নীতি গ্রহণ করতে হবে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের জন্য বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও খাদ্য সহায়তা কর্মসূচি জোরদার করার মাধ্যমে দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আরএন