খুলনার কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের জলদস্যু বাহিনীর দুই সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় জলদস্যুদের ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা থানাধীন ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার বাসিন্দা কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং একই এলাকার জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার কথিত জলদস্যু দলপতি ইয়াদ আলী পাড়ের (পিতা: মহরালী পাড়) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের তাজা গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়।
এসআরবি কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হাফিজুর রহমান জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতেন। অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি এলাকায় সোর্স হিসেবে কাজ করতেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে আগাম তথ্য দিয়ে জলদস্যুদের সহায়তা করতেন বলে জানিয়েছে এসআরবি।
অভিযান শেষে গ্রেপ্তার দুজন এবং পলাতক কথিত জলদস্যু দলপতি ইয়াদ আলী পাড়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।
এসএস/আরএন