শেরপুর শহরে নারীদের অংশগ্রহণে ছয় কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক নারী অংশ নেন। দৌড়বিদদের উৎসাহ দিতে তাঁদের সঙ্গে ম্যারাথনে অংশ নেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনও।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে দৌড় শুরু হয়। ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এ আয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন এ মিনি ম্যারাথনের আয়োজন করে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, কিশোরী, তরুণীসহ বিভিন্ন বয়সী নারীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। ম্যারাথন ঘিরে স্টেডিয়াম ও ডিসি উদ্যান চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারীদের জন্য জার্সি ও খাবারের ব্যবস্থা করা হয়। দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বাইসাইকেল।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এ মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কবির কবিতার মতো শেরপুরের নারীরা বিজয়লক্ষ্মী হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বেন, এটাই তাঁদের প্রত্যাশা। নারীদের কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও শক্তির বিকাশ ঘটবে এবং একদিন তাঁরা জাতির কাছে নিজেদের অবদান তুলে ধরবেন।
ম্যারাথনে অংশ নেওয়া ফুটবল রেফারি ভাবনা বলেন, প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তাঁদের সঙ্গে জেলা প্রশাসকও দৌড়েছেন, যা তাঁর কাছে আরও ভালো লেগেছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, এ ধরনের আয়োজন নারীদের শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। শৃঙ্খলাপূর্ণভাবে ম্যারাথনটি সম্পন্ন হয়েছে।
এসএস