ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদপুরের বাজারে ইলিশের সরবরাহ কম, দাম চড়া
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মৌসুমের শেষ দিকে চাঁদপুরের বাজারগুলোতে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এতে ইলিশ কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। শুধু ইলিশ নয়, চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদী থেকে আহরিত অন্যান্য মাছের আমদানিও আগের তুলনায় কমে যাচ্ছে। ফলে বাজারে মাছের সরবরাহ সংকট তৈরি হওয়ার পাশাপাশি অধিকাংশ মাছের দামও ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট, পুরানবাজার, নতুনবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আগের তুলনায় ইলিশের সরবরাহ কম। আড়তগুলোতে ইলিশের পরিমাণ কম থাকায় পাইকারি ও খুচরা বাজারে দামের প্রভাব পড়ছে। বিশেষ করে মাঝারি ও বড় আকারের ইলিশের দাম তুলনামূলক বেশি। ফলে শখ থাকলেও অনেক ক্রেতা ইলিশ কিনতে পারছেন না। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে দাম শুনে মাছ না কিনেই ফিরে যাচ্ছেন।

ক্রেতাদের অভিযোগ, মাছের সরবরাহ কমার অজুহাতে বিক্রেতারা ইচ্ছামতো দাম হাঁকছেন। বাজারে মাছের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিয়মিত ইলিশ কেনা এখন কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, পদ্মা-মেঘনা নদী থেকে আহরিত রুই, কাতলা, বোয়াল, আইড়, পাঙাশ, চিংড়িসহ বিভিন্ন দেশীয় মাছের আমদানিও কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নদীতে মাছের প্রাপ্যতা কমে যাওয়া, মৌসুমি পরিবর্তন এবং মাছ ধরার পরিমাণ হ্রাসের প্রভাব বাজারে পড়ছে বলে তাঁদের ধারণা।

এ বিষয়ে চাঁদপুর পুরানবাজার মাছ বিক্রেতা হামিদুল বলেন, ১কেজি ওজনের ইলিশের দাম ৩ হাজার ৮শ থেকে ৩ হাজার ২শ টাকা, ১ কেজির নিচে ইলিশের দাম ২ হাজার ৫শ থেকে ২ হাজার ৮শ টাকা।

চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, বছরের শেষ পর্যায়ে ইলিশের সরবরাহ স্বাভাবিকভাবেই কমে আসে। নদীতে ইলিশের প্রাপ্যতা কম থাকায় জেলেদের জালেও আগের মতো মাছ ধরা পড়ছে না। ফলে আড়তে পর্যাপ্ত মাছ আসছে না। সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেও দাম বাড়ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এক সপ্তাহ বাজারে ইলিশের আমদানি কম তাই দাম একটু বেশি। মাছের সরবরাহ বেড়ে গেলে মূল্য নিয়ন্ত্রণে চলে আসবে।

চাঁদপুর ইলিশের জেলা হিসেবে পরিচিত হলেও স্থানীয় বাজারে ইলিশের এমন সংকট ও উচ্চমূল্য সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে। ক্রেতাদের দাবি, বাজারে মাছের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত তদারকি করা প্রয়োজন। পাশাপাশি মাছের আড়ত ও খুচরা বাজারে মূল্য ব্যবধান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।

এমএমআইভি/এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝