যুক্তরাষ্ট্রের প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে প্রাণ যাচ্ছে ইউক্রেনীয়দের। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের বাড়তি মনোযোগ দেওয়াকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ট্রুথ সোশ্যালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন।
ট্রাম্পের এই কাজকে ‘অদ্ভুত’ মনে হয়েছে জেলেনস্কির কাছে। তিনি বললেন, ‘অবশ্যই, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়। কিন্তু... ব্যাপারটি অদ্ভুত।’
‘তিনি (পুতিন) একজন আগ্রাসী এবং হত্যাকারী... তিনি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না’, যোগ করেন জেলেনস্কি। তার ভাষ্য, পুতিনকে বন্ধু বলা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলা একই কথা।
২০২৫ সালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির চেষ্টা করছেন ট্রাম্পের দুই দূত। তবে তাদের অবস্থান অনেকটা রাশিয়ার পক্ষে বলেই মনে হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে আবুধাবিতে মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ডিসেম্বরে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে বলে জানালেন জেলেনস্কি।
গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে জানান, চীনে পুতিনের সঙ্গে তার বৈঠকে তিনি রাশিয়াকে ‘ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করতে’ আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির জোরালো সম্ভাবনার কথাও জানান তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ঘোষণা দিলেও আলোচনার টেবিলে ইউরোপীয় আলোচকরা থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
রাশিয়ার সঙ্গে পাঁচ বছর ধরে চলা যুদ্ধের ভয়াবহতা থামাতে আলোচনায় অগ্রগতি হওয়া ইউক্রেনের জন্য জরুরি। দেশজুড়ে রাশিয়ার হামলার ঘটনা আরও ঘন ঘন ঘটছে এবং প্রাণহানিও বাড়ছে। বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে।
এমন বাস্তবতায় রাশিয়ার প্রতি চাপ প্রয়োগ করে আলোচনায় ফল আনতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। আর শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আগ্রাসনকারীর প্রতি অতিরিক্ত নিরপেক্ষ থাকার অর্থ— আপনি ভুক্তভোগী ও আগ্রাসী, উভয়কেই সমর্থন করছেন। এটি ঠিক নয়।
যদিও যুক্তরাষ্ট্রের বক্তব্য, দুই পক্ষের মধ্যে টেকসই শান্তিচুক্তি খুঁজে বের করার জটিল প্রক্রিয়ায় তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে।
সাম্প্রতিক সময়ে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। অবিরাম বিমান হামলার সতর্কসংকেত এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আঘাত হানছে। পাশাপাশি জেট ইঞ্জিনচালিত ড্রোন আছড়ে পড়ছে কিয়েভের কেন্দ্রস্থলসহ বড় শহরগুলোতে। জবাবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ছুড়ছে।
জেলেনস্কির দাবি, রাশিয়ার ছোঁড়া দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে পারছে ইউক্রেন বাহিনী। এই সক্ষমতা ক্রমেই বাড়ছে বলে জানালেন তিনি।
তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতি ‘অনেক বেশি’। যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব করছে বলেও জানান তিনি।
জেলেনস্কির ভাষ্য, ‘দুঃখজনক হলো, তারা মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ দিয়েছে এবং সেখানে আরও বেশি সহায়তা করছে... এটা দুঃখজনক। এ নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে।’
‘এই ক্ষেপণাস্ত্রের ঘাটতি মানে মানুষের জীবনহানি’, যোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ড ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে এখনো সীমাবদ্ধ রাখা হচ্ছে বলেও জানান জেলেনস্কি। যুদ্ধে এর প্রভাব স্পষ্ট।
ইউক্রেনের ড্রোন ইউনিটগুলো জানিয়েছে, তাদের প্রতিরোধী ড্রোনগুলো এখন আর রাশিয়ার শাহেদ ড্রোনের গতির সঙ্গে পাল্লা দিতে পারছে না। ফলে এসব অস্ত্র বাধাহীনভাবে ইউক্রেনের আরও গভীরে প্রবেশ করছে।
স্টারলিংক ও স্টারশিল্ড সীমিত করার সিদ্ধান্ত কার এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘প্রযুক্তিগতভাবে স্পেসএক্সের সিদ্ধান্ত। তবে রাজনৈতিকভাবে কার, সেটি আমি জানি না। সত্যিই জানি না।’
তিনি যোগ করেন, ‘ব্যাপারটা অনেকটা পিংপং খেলার মতো। আমরা এক পক্ষের কাছে জানতে চাইলে তারা বলে, সিদ্ধান্ত অন্য পক্ষের।’
সূত্র: বিবিসি।