আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাকে আরও কৌশলগত, সুনির্দিষ্ট ও অংশীদারত্বভিত্তিক করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর উন্নয়নে কেবল আর্থিক সহায়তা যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর অংশীদারত্ব, উন্নয়ন অর্থায়ন, উদ্ভাবনী প্রযুক্তি ও জ্ঞান বিনিময়।
জার্মানির বার্লিনে ২৬ নভেম্বর সেন্টার ফর হিউম্যানিটারিয়ান অ্যাকশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, মানবিক ও সামাজিক উন্নয়ন এবং নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মতো খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট কোনো একক দেশের সমস্যা নয়। এগুলো সীমান্ত অতিক্রম করা আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় বিশ্বের দায়িত্বশীল দেশ ও অংশীদারদের সম্মিলিত উদ্যোগ, অভিন্ন অবস্থান, আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর প্রতিশ্রুতি প্রয়োজন।
মানবিক সহায়তা ও উন্নয়ন অর্থায়নের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত উদ্যোগ জরুরি। স্থানীয় পর্যায়ের দক্ষতা ও অভিজ্ঞতা, সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব, বিশেষজ্ঞ জ্ঞান এবং প্রযুক্তি বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের উদাহরণ তুলে ধরেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বন্যা ও খরা মোকাবিলায় সরকার ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খননের কর্মসূচি নিয়েছে। পাশাপাশি বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জন দেশের সক্ষমতা ও সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। এসব অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর উন্নয়নে প্রচলিত সহায়তার ধারণা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব, উন্নয়ন অর্থায়ন এবং উদ্ভাবনী প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য, জার্মানির মানবিক কার্যক্রম ও সহায়তা নীতিবিষয়ক গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটি সেন্টার ফর হিউম্যানিটারিয়ান অ্যাকশনের এই বার্ষিক সম্মেলন। এতে মানবিক সহায়তা ও উন্নয়ন খাতের পেশাজীবী, নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা অংশ নেন। সীমিত অর্থায়নের প্রেক্ষাপটে মানবিক সহায়তা ও উন্নয়ন অর্থায়নের ভবিষ্যৎ, সহায়তা ব্যবস্থার সংস্কার, স্থানীয় নেতৃত্ব, নতুন অর্থায়ন মডেল এবং আন্তর্জাতিক অংশীদারত্বের ভূমিকা নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
এফএস