যুক্তরাষ্ট্রজুড়ে শক্তিশালী ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বৃষ্টি, ঘণ্টায় ৭০ মাইল বেগের ঝোড়ো বাতাস ও উপকূলীয় জলোচ্ছ্বাসে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও সড়ক যোগাযোগ। থ্যাংকসগিভিং ছুটিতে ভ্রমণকারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটিতে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই দিনে আরও ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
এদিকে ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯ লাখ ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্য।
পূর্বাঞ্চলে আঘাত হানা ঝড়ের কারণে নিউ জার্সির উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অঙ্গরাজ্যটির গভর্নর মাইকি শেরিল জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেরিল্যান্ডে প্রবল বাতাসের কারণে কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ডেলাওয়ারের সমুদ্রসৈকতেও জলোচ্ছ্বাসের পানি উঠে এসেছে।
মেরিল্যান্ডে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি সরবরাহেও সংকট তৈরি হয়েছে। প্রায় ২০ লাখ গ্রাহককে জরুরি প্রয়োজন ছাড়া পানি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট পানি সরবরাহকারী প্রতিষ্ঠান।
ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বৃষ্টিপাতের সঙ্গে জোয়ারের পানি বেড়ে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতেও পানি উঠে যায়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় বিদ্যুৎ ফিরতে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় পানির উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যেতে পারে। জোয়ারের পানিতে রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় অ্যামট্রাক প্যাসিফিক সার্ফলাইনারের কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
অন্যদিকে মিয়ামিতে অবতরণের সময় ফেডএক্সের একটি কার্গো বিমান রানওয়ে ছাড়িয়ে ঘাসের ওপর চলে যায়। এ ঘটনায় বিমানের কর্মীরা নিরাপদ রয়েছেন এবং কেউ আহত হননি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব উপকূলে ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং ছুটিতে সাত দিনে অন্তত ৫০ মাইল পথ পাড়ি দিয়ে ভ্রমণ করতে পারেন প্রায় ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক। ফলে ঝড়ের কারণে ছুটিকেন্দ্রিক ভ্রমণে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।
এফএস