ফিলিস্তিনের পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে জর্জিয়ায় তুরস্কের ফুটবল ক্লাব বেসিকতাসের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ফুটবল ম্যাচ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জর্জিয়ার বাতুমি শহরে তুরস্কের বেসিকতাস ও ইসরায়েলের হাপোয়েল বেয়ার শেভার মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।
ম্যাচ চলাকালে বেসিকতাসের সমর্থকেরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা ও সংহতি প্রকাশকারী ব্যানার প্রদর্শন করেন। এ সময় পুলিশের সঙ্গে সমর্থকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে বলে জানা গেছে। সংঘর্ষের কারণে ম্যাচের ২৬তম মিনিটে খেলা বন্ধ করে দেন রেফারি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ৩০ মিনিট পর আবার খেলা শুরু হয়।
এ ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছে বেসিকতাস ক্লাব কর্তৃপক্ষ। সমর্থকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে ঘটনার নিন্দা জানায় তারা। আহত সমর্থকদের দ্রুত সুস্থতাও কামনা করে ক্লাবটি।
ঘটনাটি নিয়ে তুরস্কের ফুটবল অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ক্লাব বেসিকতাস সমর্থকদের প্রতি সংহতি প্রকাশ করেছে।
এদিকে বিষয়টি নিয়ে তুরস্ক ও জর্জিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। সমর্থকদের নিরাপত্তা এবং সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।
পরে পুনরায় শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জয় পায় বেসিকতাস।
এফএস