ইরানে ১৯ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণীকে পিটিয়ে, বিষাক্ত ওষুধ খাইয়ে এবং বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নিজের বাবা-মায়ের বিরুদ্ধে। পরিবারের অমতে এক তরুণের সঙ্গে সম্পর্কের জেরে দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পর তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি দেশটিতে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে হত্যাকাণ্ড বা অনার কিলিং নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তাঁর বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার সংগঠন হেনগাওর বরাতে জানা যায়, গত সপ্তাহে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানান হেলিয়া। এ খবর জানার পর তাঁর বাবা-মা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত ২১ নভেম্বর তাঁরা মেয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানাতে যান। সেখান থেকে ফিরে তাঁকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনিরোধক ওষুধ খাওয়ানো হয়।
এরপর তাঁকে মারধর করা হয়। ওষুধ খাওয়ানোর পরও তিনি বেঁচে আছেন বুঝতে পেরে বাবা-মা বালিশ দিয়ে তাঁর মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনটি।
হেনগাও ও হানা নামের দুটি মানবাধিকার সংগঠন ঘটনাটিকে তথাকথিত অনার কিলিং হিসেবে বর্ণনা করেছে। হেনগাও এক বিবৃতিতে বলেছে, নারীদের পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষায় কার্যকর আইন ও অপরাধীদের জন্য কঠোর শাস্তির অভাব এ ধরনের হত্যাকাণ্ডের ঝুঁকি বাড়াচ্ছে।
ইরানে এক সপ্তাহে তিন তরুণীর মৃত্যু
হেলিয়ার হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসার পর ইরানে নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দেশটিতে তিন তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত ১৮ নভেম্বর গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, বিয়েতে রাজি না হওয়ায় তাঁর সাবেক প্রেমিক এ হত্যাকাণ্ড ঘটান।
এর আগে কেরমানশাহে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদি একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান। দেশটির জাতীয় শিক্ষক ইউনিয়নের একটি নেটওয়ার্কের দাবি, বাবার সঙ্গে বাড়ি পাঠানো হলে তিনি তাঁকে হত্যা করতে পারেন বলে স্কুল কর্তৃপক্ষকে আগেই আশঙ্কার কথা জানিয়েছিলেন ওই কিশোরী।
নারীর অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ
এদিকে চলতি সপ্তাহে ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তো আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার বেত্রাঘাতের শাস্তি কার্যকর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত একটি সংগীত পরিবেশনার ঘটনায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই পরিবেশনায় ফাঁকা দর্শকসারির সামনে একটি মঞ্চে গান পরিবেশন করেছিলেন ২৯ বছর বয়সী পারাস্তো। পরে চলতি বছরের জুনে তাঁকে এবং তাঁর দলের সদস্যদের এ শাস্তি দেওয়া হয়।
একই সময়ে একাধিক নারী নির্যাতন ও হত্যার ঘটনা ইরানে নারীদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং আইনি সুরক্ষা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে।
এফএস