ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ব্যাপক প্রাণহানির মুখে পড়েছে রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার রুশ নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে এক হাজারের বেশি সেনা আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) ও দ্য গার্ডিয়ান রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে। বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধ শুরুর পর রুশ সেনাদের আত্মহত্যার ঝুঁকি দেশটির সাধারণ জনগোষ্ঠীর তুলনায় দ্বিগুণেরও বেশি।
আত্মহত্যার সংখ্যা বাড়ছে প্রতি বছর
ফিন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১ হাজার ২২৯ জন রুশ সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২০২৩ সালে ২৩৫ জন, ২০২৪ সালে প্রায় ৩০০ জন এবং ২০২৫ সালে ৩৭১ জনের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। ২০২৬ সালে তথ্য প্রকাশে বিলম্ব বিবেচনায় নিলেও এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যেতে পারে।
অন্যদিকে দ্য গার্ডিয়ানের পৃথক বিশ্লেষণে ১ হাজার ৮৭ জন সেনার আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি আরও ৮৮৫ জনের মৃত্যুকে আগ্নেয়াস্ত্রের আঘাতে ‘অনির্ধারিত উদ্দেশ্যে’ মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার কিছু আত্মহত্যা হয়ে থাকতে পারে।
দ্য গার্ডিয়ানের হিসাবে, ২০২২ সালে আত্মহত্যার ঘটনা ছিল ৫০টির কিছু বেশি। ২০২৪ সালে তা ২০০ ছাড়িয়ে যায় এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫ জনে পৌঁছায়। ২০২৬ সালেও এখন পর্যন্ত প্রায় ৩০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
যুদ্ধক্ষেত্রেই আত্মহত্যার বেশি ঘটনা
বিশ্লেষণে দেখা গেছে, আত্মহত্যার ৬০০টির বেশি ঘটনা ঘটেছে যুদ্ধের সম্মুখসারিতে। ইউক্রেনের আংশিক দখল করা চারটি অঞ্চলসহ রাশিয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে। বিশেষ করে বাখমুত, আভদিভকা ও পোকরোভস্কের মতো তীব্র সংঘাতপূর্ণ এলাকায় সেনাদের মৃত্যুর ঘটনা বেশি দেখা গেছে।
দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী, অন্তত ৬১৪ জন সেনার মৃত্যু হয়েছে ইউক্রেনের দখলকৃত অঞ্চল অথবা রাশিয়ার বেলগোরোদ ও ব্রিয়ানস্ক সীমান্ত এলাকায়। এসব মৃত্যুর অর্ধেকের বেশি আগ্নেয়াস্ত্রের আঘাতে হয়েছে। সামরিক ক্যাম্প, যুদ্ধের অবস্থান, প্রশিক্ষণকেন্দ্র এবং ব্যক্তিগত বাসস্থানেও এসব ঘটনা ঘটেছে।
যুদ্ধক্ষেত্রে আত্মহত্যা করা সেনাদের মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন ছিলেন। এ ছাড়া রাশিয়ার অন্যান্য এলাকায় ২৫ বছরের কম বয়সী আরও ১০৮ জন সেনার আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।
যেভাবে পাওয়া গেল মৃত্যুর তথ্য
রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের একটি তথ্যভান্ডার ফাঁস হওয়ার পর এসব তথ্য সামনে আসে। বেলারুশের বিরোধী গোষ্ঠী-সংশ্লিষ্ট সাইবার পার্টিজানস এবং ইউক্রেনীয় সংগঠন সাইলেন্ট ক্রো হ্যাকিংয়ের মাধ্যমে এসব নথি সংগ্রহ করে।
রাশিয়ার সরকার সেনাদের আত্মহত্যা কিংবা সামরিক হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করে না। দেশটির সামরিক হতাহতের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় রাখা হয়।
প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে
বিশ্লেষক, মানবাধিকারকর্মী ও আইনজীবীদের ধারণা, প্রকাশিত তথ্যের তুলনায় প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে আত্মহত্যার কিছু ঘটনাকে সাধারণ যুদ্ধের প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়ে থাকতে পারে।
সেনাদের পলায়নে সহায়তাকারী সংগঠন গেট লস্টের পরিচালক গ্রিগরি সভের্দলিনের মতে, কিছু আত্মহত্যার ঘটনাকে যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার ঘটনা হিসেবে দেখানো হতে পারে।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক জানিস ক্লুগে বলেন, ড্রোননির্ভর যুদ্ধের সম্মুখসারিতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন।
সেনাবাহিনীতে বাড়ছে চাপ ও অসন্তোষ
বিশ্লেষকদের মতে, রুশ সেনাবাহিনীতে মানসিক চাপ, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্যাতন, বিপজ্জনক অভিযানে পাঠানোর ভয় এবং সামরিক চুক্তি থেকে বের হওয়ার সীমিত সুযোগ সেনাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে।
ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক রব লি বলেন, সেনাদের ওপর জোরজবরদস্তি, নির্যাতন ও অত্যাচারের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে কিছু সেনা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
এদিকে রাশিয়ার সামরিক আদালতের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের শেষ নাগাদ দায়িত্ব পালনে অস্বীকৃতি ও অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে ২০ হাজার ৬৬২ জন সেনার বিরুদ্ধে মামলা হয়েছিল। অন্যদিকে মিডিয়াজোনা ও আইস্টোরিজের যাচাই করা তথ্যে অন্তত ৪৯ হাজার সেনাকে পলাতক বা অনুমতি ছাড়া অনুপস্থিত হিসেবে চিহ্নিত করার তথ্য উঠে এসেছে।
দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে রাশিয়ার সামরিক বাহিনীতে প্রাণহানি, হতাশা ও শৃঙ্খলাজনিত সংকট কতটা গভীর হচ্ছে, এসব পরিসংখ্যান তারই একটি চিত্র তুলে ধরেছে।
এনডিটিভি/ এফএস