ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে খুন হন ৫ নারী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে নারী ও কন্যাশিশুদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নিজেদের ঘর ও পরিবার। ২০২৫ সালে বিশ্বে অন্তত ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের স্বামী, অন্তরঙ্গ সঙ্গী কিংবা পরিবারের অন্য সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশুকে প্রাণ দিতে হয়েছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ ভয়াবহ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু ইচ্ছাকৃত হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশকে হত্যা করেছেন তাঁদের অন্তরঙ্গ সঙ্গী কিংবা পরিবারের সদস্যরা।


নারী নির্যাতনের অধিকাংশ ঘটনাই আড়ালে

ইউএন উইমেনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রায় প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। কিন্তু এসব ঘটনার মাত্র ৭ শতাংশ পুলিশকে জানান।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে প্রায় ৮৪ কোটি নারী ও কন্যাশিশু জীবনে অন্তত একবার শারীরিক বা যৌন সহিংসতার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। অথচ নির্যাতনের শিকার নারীদের মাত্র ২৩ শতাংশ পরিবার, সমাজ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুমবনজভান্দা বলেন, নারীরা তাঁদের সুরক্ষার জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা হারাচ্ছেন। অনেক দেশে নির্যাতনের শিকার নারীদের সাহায্য চাওয়ার প্রবণতা আগের তুলনায় কমছে।

তিনি বলেন, বিচারব্যবস্থার ওপর আস্থাহীনতার কারণে অনেক নারী নীরব থাকাকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন। নির্যাতনের শিকার কেউ শারীরিক প্রমাণ দিতে না পারলেও কিংবা ঘটনার সব বিবরণ মনে করতে না পারলেও তাঁদের কথা বিশ্বাস করা জরুরি।


বিচার পাচ্ছেন না অধিকাংশ নির্যাতনের শিকার নারী

ইউএন উইমেনের ‘অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন সারভাইভার্স অব ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদনে ৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

এতে দেখা গেছে, নির্যাতনের অভিযোগ জানানোর পরও ৬৩ থেকে ৯৭ শতাংশ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার মতো রায় আসে না।

সংস্থাটির নারী নির্যাতনবিরোধী বিভাগের প্রধান কালিওপি মিনগেইরু বলেন, বিচারপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে অনেক অভিযোগ ঝরে পড়ে। নির্যাতিত নারীদের বারবার জিজ্ঞাসাবাদ, ভয়ভীতি ও হয়রানির মুখে পড়তে হয়। ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনেক অভিযোগের বিচারও শেষ পর্যন্ত হয় না।


এশিয়ায় সহায়তা চান সবচেয়ে কম নারী

অঞ্চলভেদে নির্যাতনের শিকার নারীদের সহায়তা চাওয়ার হারেও বড় পার্থক্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় মাত্র ১৬ শতাংশ নারী সহায়তা চান। আফ্রিকায় এ হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নে ৬৪ শতাংশ নারী তাঁদের কাছের মানুষের সঙ্গে নির্যাতনের অভিজ্ঞতা ভাগ করেন। তবে পুলিশের কাছে অভিযোগ জানান মাত্র ১৪ শতাংশ।

এদিকে অনলাইনেও নারীদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। জনপরিসরে সক্রিয় নারী অধিকারকর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের মধ্যে জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ নারী অনলাইন হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারীদের শরীরের ভুয়া ছবি বা ডিপফেক তৈরি করাও নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।


আফ্রিকায় নারী হত্যার হার সবচেয়ে বেশি

জাতিসংঘের প্রতিবেদনে অঞ্চলভিত্তিক নারী হত্যার পরিসংখ্যানে দেখা গেছে, অন্তরঙ্গ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে নারী হত্যার হার আফ্রিকায় সবচেয়ে বেশি। প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন এ ধরনের হত্যার শিকার হয়েছেন।

এ ছাড়া আমেরিকা অঞ্চলে এ হার ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের হত্যার হার তুলনামূলক ধীরগতিতে কমছে। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে সামগ্রিক হত্যার হার কমেছে নারী হত্যার হারের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে। ইউরোপে এ ব্যবধান প্রায় দেড় গুণ।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, ভয়াবহ সামাজিক দৃষ্টিভঙ্গি, বৈষম্যমূলক সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতা এমন পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করার মতো ঘটনাও একপর্যায়ে সহনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।


নারীর প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের কর্মসূচি

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে ১৬ দিনের সক্রিয়তা কর্মসূচি, যা চলবে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত।

এ বছরের প্রতিপাদ্য—নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন, ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতিতদের সুরক্ষা দিন এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধ করুন।

জাতিসংঘ সরকার, বেসরকারি খাত, গণমাধ্যম, নারী অধিকার সংগঠন ও সাধারণ মানুষকে নারী নির্যাতন প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির মতে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযোগ গ্রহণ ও তদন্ত, আদালতে ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ, সরকারের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনলাইন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝