ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুদ্ধ শেষ হলেও রাশিয়ার জ্বালানি আর কিনবে না ইইউ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইউক্রেন যুদ্ধের অবসান হলেও রাশিয়ার কাছ থেকে আর জ্বালানি কিনতে চায় না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনা যে পর্যায়েই পৌঁছাক, রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনা থেকে সরে আসবে না ইউরোপ। এমন অবস্থানের কথা জানিয়েছেন ইইউর জ্বালানিবিষয়ক কমিশনার ড্যান জর্গেনসেন।

ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করলে রাশিয়া থেকে আর এক অণু পরিমাণ জ্বালানিও আমদানি করব না। আমরা রাশিয়াকে বিশ্বাস করি না।’

জর্গেনসেনের এই বক্তব্যে রাশিয়ার জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মস্কোর সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে। এমনকি শান্তিচুক্তি হলে বিশ্ব জ্বালানি বাজারে রাশিয়ার ফিরে আসার সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, যুদ্ধ বন্ধ হলেও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতায় ফিরবে না তারা।

জর্গেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে চুক্তিই হোক না কেন, তা ইউরোপীয় ইউনিয়নের আইন পরিবর্তন করতে পারবে না। ইউরোপের আইন প্রণয়ন করে ইউরোপীয় কমিশন, পার্লামেন্ট ও কাউন্সিল। ফলে জ্বালানি আমদানির বিষয়ে সিদ্ধান্তও ইউরোপ নিজেই নেবে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিবর্তে স্থায়ীভাবে গ্যাস আমদানি বন্ধের আইন করেছে ইউরোপীয় ইউনিয়ন। জর্গেনসেনের মতে, নিষেধাজ্ঞার চেয়ে এ আইন শক্তিশালী। কারণ, নিষেধাজ্ঞা প্রতি ছয় মাস পর নবায়ন করতে হয়। যুদ্ধ শেষ হলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, কিন্তু গ্যাস আমদানি বন্ধের আইন বহাল থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, রাশিয়ার গ্যাসের ওপর তাদের নির্ভরতা একসময় ৪৫ শতাংশ ছিল। তা কমে এখন প্রায় ১০ শতাংশে নেমেছে। আগামী বছর রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার লক্ষ্য রয়েছে জোটটির।

সূত্র: ইউরোনিউজ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝