ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫ লাখ কর্মী নেবে ইতালি, আপনিও পেতে পারেন সুযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিদেশি কর্মীদের জন্য বড় সুযোগ তৈরি করছে ইতালি। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় ৫ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। কৃষি, পর্যটন, শিল্প, পরিবহন ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। এ সুযোগ পেতে পারেন বাংলাদেশিরাও।

ইতালি সরকারের পরিকল্পনা অনুযায়ী, তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে।

বাংলাদেশ ইতালির অনুমোদিত কর্মী পাঠানোর দেশগুলোর তালিকায় রয়েছে। তাই এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশিদেরও কাজের সুযোগ রয়েছে। তবে বাংলাদেশিদের জন্য আলাদা কোনো কোটা নির্ধারণ করা হয়নি।

যেভাবে আবেদন করতে হবে

ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হয় ‘ফ্লো ডিক্রি’র আওতায়। এ নিয়ম অনুযায়ী, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তা বিদেশি কর্মী নিতে চাইলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। সেখানে কর্মী ও চাকরির প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য আবেদনপত্রের প্রাথমিক তথ্য পূরণের কাজ শুরু হয়েছে ২৩ অক্টোবর। চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে এই আবেদন করবেন ইতালির নিয়োগকর্তারা, কর্মীরা সরাসরি নয়।

নির্ধারিত দিনে নিয়োগকর্তারা চূড়ান্ত আবেদন জমা দেবেন। কৃষি খাতে মৌসুমি কাজের জন্য ১২ জানুয়ারি, পর্যটন খাতে ৯ ফেব্রুয়ারি, অন্যান্য অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যার কাজের জন্য ১৮ ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিয়োগকর্তার আবেদন অনুমোদিত হলে কর্মীকে ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ, শুধু আবেদন করলেই ইতালি যাওয়ার সুযোগ নিশ্চিত হবে না। বৈধ নিয়োগকর্তার চাকরির প্রস্তাব ও প্রয়োজনীয় অনুমোদন থাকতে হবে।

বাংলাদেশিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা

বাংলাদেশিদের ইতালিতে কাজের উপযোগী করে তুলতে ঢাকার বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইতালীয় ভাষা ও বিভিন্ন পেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে চলছে এ কার্যক্রম।

কেন্দ্রটির হোস্টেল সুপার মুহাম্মদ রুকনুজ্জামান জানান, বর্তমানে চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি বিষয়ে ২০ জন করে শিক্ষার্থী নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিনটি ব্যাচের শিক্ষার্থীরা কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ইতালীয় ভাষা শেখার প্রশিক্ষণও শেষ করেছেন।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে কাজের সুযোগ পেতে হলে ভাষা শেখার পাশাপাশি কাজের দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে চাকরির প্রস্তাব ও নিয়োগকর্তার কাগজপত্র যাচাই করা জরুরি। দালালের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া এড়াতে সতর্ক থাকতে হবে।

ইতালির এই উদ্যোগে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি হলেও সবার ভিসা বা চাকরি নিশ্চিত নয়। নির্ধারিত নিয়ম, যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করেই সেখানে যাওয়ার সুযোগ পাওয়া যাবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝