আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরে তিনি এই গৌরব অর্জন করেন। এর মধ্য দিয়ে ২০২৫ সালের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোশ ফার্নান্দেজের স্থলাভিষিক্ত হলেন তিনি।
জেনিফার ব্যারেটো ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম জেনিফার আব্রেউ মোরা। শৈশব ও বেড়ে ওঠা ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়া অঞ্চলে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন তিনি। স্কুলজীবনে ভলিবল খেলতেন। পরবর্তী সময়ে উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তাঁর বয়স ২৭ বছর।
ব্যারেটো মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি মানসিক স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সংকট মোকাবিলা নিয়ে কাজ করেছেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ফোর্ট ক্যাভাজোস, টেক্সাসে ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে শিক্ষাবিদ ও ক্রাইসিস রেসপন্ডার হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি প্রতিরোধমূলক কার্যক্রমের বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত জেনিফার এক কন্যাসন্তানের মা। সংসার, মাতৃত্ব ও পেশাগত দায়িত্ব সামলে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।
প্রতিযোগিতার জমকালো চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় সান হুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কোলিজিয়ামে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকে ৩০ জন চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পান।
জেনিফার ব্যারেটোর পাশাপাশি আলোচনায় ছিলেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। ফিলিপাইনের বিয়া মিলান-উইনডর্স্কি, নিউজিল্যান্ড ও ফ্রান্সের গারান্স অথিয়েও প্রতিযোগিতায় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।
এবারের প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল ৭৫তম বার্ষিকী উপলক্ষে তৈরি বিশেষ মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুটে ব্যবহার করা হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। মুকুটটি মিস ইউনিভার্সের দীর্ঘ ৭৫ বছরের ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আর’বনি গ্যাব্রিয়েল, মারিও লোপেজ, জুরি হল ও দিয়ানারা তোরেস। সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন লা ইন্ডিয়া, দিদি রোমেরো ও ডেনিস কুইনোনেস।
স্বাগতিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে জেনিফার ব্যারেটোর বিজয়ে পুয়ের্তো রিকোর দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ৭৫তম আসরের এই বিজয় তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুয়ের্তো রিকোর জন্যও স্মরণীয় হয়ে থাকবে।
এফএস