ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:০১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। প্রস্তুতি, পরিশ্রম আর দর্শকদের ভালোবাসায় এগিয়েও শেষ পর্যন্ত মুকুটের লড়াইয়ে টিকে থাকা হলো না। মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার প্রথম বাছাইয়ে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় বাংলাদেশের মাহির নাম না থাকায় সেমিফাইনাল থেকেই ছিটকে যান তিনি।

জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে হাজির হন তিনি। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। একই সঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরার চেষ্টা করেন তিনি।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর গল্প। পোশাকটির মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীর জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়।

এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও ছিল গুরুত্বপূর্ণ। ভোটের হিসাবে বিভিন্ন সময়ে ভালো অবস্থানে ছিলেন মাহি। সাপ্তাহিক ভোটে শীর্ষে থাকার পাশাপাশি মোট ভোটের হিসাবেও এগিয়ে ছিলেন তিনি। তবে দর্শকভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগীর। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন অভিজ্ঞতা উপহার দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইয়েই থামল তার যাত্রা।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝