বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ সিনেমা মুক্তির পাঁচ মাস পেরিয়ে গেলেও সমালোচনা থামেনি। এ সিনেমায় জাহ্নবী কাপুর ও তার চরিত্রকে যৌন আবেদনময় করে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ সমালোকদের। কেউ কেউ বলছেন এ সিনেমায় যৌন নিপীড়নকে ভালোবাসা হিসেবে উপস্থাপন করেছেন নির্মাতা।
সিনেমাটির আইটেম গানে অংশ নেওয়া অভিনেত্রী শ্রুতি হাসান এবার জানালেন, কেন তিনি সমালোচনার মধ্যেও গানটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন।
‘গালাট্টা প্লাস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতিকে প্রশ্ন করা হয়, ‘পেদ্দি’ সিনেমার ‘হেল্লাল্লালো’র মতো বিশেষ গান কেন তৈরি করা হয়, তা নিয়ে কখনও ভেবেছেন কি না? এমন গানে অভিনয়ের সিদ্ধান্তই বা কেন নিয়েছিলেন?
জবাবে শ্রুতি বলেন, ‘আমি সব সময়ই এই প্রশ্ন করেছি—সিনেমায় বিশেষ গানের প্রয়োজন কেন? তবে আমি নাচতে ভালোবাসি, এটা একদম পরিষ্কার করে বলতে চাই। সাজগোজ করতেও আমার ভালো লাগে। আমি বিষয়টিকে এভাবেই দেখি। নিজের কাছে দৃশ্যমান যৌন আবেদনকে উপস্থাপনের বিষয়টি আমার জন্য বেশ স্বাধীনতার।’
তিনি আরও বলেন, ‘আমি কখনোই কাউকে খুশি করার জন্য কিছু করিনি। কোনও কিছুতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে সরাসরি বলে দিই, আমি এটা পারবো না। নিশ্চিন্ত থাকতে পারেন, কোনও কিছু করলে আমি তাতে স্বাচ্ছন্দ্যবোধ করি বলেই করি। অস্বস্তি লাগলে করবো না। এ নিয়ে অনেকের সঙ্গে আমার তর্কও হয়েছে। এমনকি আমাকে কঠিন স্বভাবের বলেও আখ্যা দেওয়া হয়েছে। তবে এতে আমার কোনও সমস্যা নেই।’
নারীকে উপস্থাপন নিয়ে সমালোচনা বোঝেন শ্রুতি
সিনেমায় নারীদের উপস্থাপন নিয়ে চলমান সমালোচনার বিষয়টি বুঝতে পারেন বলেও জানান শ্রুতি। তার ভাষায়, ‘আমি এই বিতর্কের বিষয়টি বুঝতে পারি। তবে সত্যি বলতে, নাচতে, কোরিওগ্রাফি করতে এবং আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে আমার ভালো লাগে। এটি কাউকে খুশি করার উদ্দেশ্যে নয়।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের উপস্থাপন কি শুধু আইটেম গানেই হয়? আমার মনে হয়, নানা ক্ষেত্রেই আমরা এমনটা করছি। শুধু আইটেম গানের ছোট পোশাকের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ নয়। বর্তমানে আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে নানা ক্ষেত্রেই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা চলে। তাই আপনি কোন বিষয়টি বেছে নেবেন, আর কোনটি বেছে নেবেন না, সেটি আপনার সিদ্ধান্ত।’
এসএ