স্ত্রী নেহা স্বামীর খাবারের অভ্যাস নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি। রিয়েলিটি শো পতি পত্নী অউর পাঙ্গা ২-এ করা তার একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দর্শকদের একাংশ অভিনেতার সমালোচনা করেন। তাদের অভিযোগ, জাতীয় টেলিভিশনে স্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য করা শোভন নয়।
অনুষ্ঠানটির সঞ্চালক মুনাওয়ার ফারুকির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে স্ত্রীর খাবারের অভ্যাস নিয়ে কথা বলেন অর্জুন। তিনি বলেন, ‘নেহা হয়তো আট ঘণ্টা ঘুমায়, কিন্তু ১৬ ঘণ্টা খেতেই থাকে।’ তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়।
সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অর্জুন লেখেন, অনুষ্ঠানটি মজার ছলে করা। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ না করার আহ্বান জানান তিনি।
তবে এক ব্যবহারকারী তার বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন, নেহা যদি একইভাবে অর্জুনকে নিয়ে মন্তব্য করতেন, তাহলে কি অভিনেতা বিষয়টিকে মজা হিসেবে নিতেন? ওই ব্যবহারকারীর অভিযোগ, জাতীয় টেলিভিশনে স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা একধরনের বডি শেমিং বা শারীরিক গঠন নিয়ে অপমান।
জবাবে অর্জুন বলেন, তিনি স্ত্রীর শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেননি; বরং খাবারের অভ্যাস নিয়ে কথা বলেছেন। স্ত্রীর স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে তার উদ্বেগ থেকেই এ কথা বলেছেন। অভিনেতার ভাষায়, ‘আমরা খাবারের অভ্যাস নিয়ে কথা বলেছি, আমি তাকে বডি শেমিং করিনি। সবকিছুকে নেতিবাচকভাবে দেখবেন না। স্ত্রীকে স্বাস্থ্য ও খাবারের অভ্যাস নিয়ে কিছু বলা ভালোবাসারই অংশ।’
অর্জুন আরও বলেন, তিনি স্ত্রীর ভালো চান বলেই তার স্বাস্থ্য নিয়ে কথা বলেন। একইভাবে নেহাও তাকে পরামর্শ দিতে পারেন। তাদের একসঙ্গে থাকার কারণ হিসেবে ২৩ বছরের সম্পর্কের কথা উল্লেখ করেন অভিনেতা। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, তাদের অন্য কিছু নিয়ে মন্তব্য করা উচিত।
সূত্র: এনডিটিভি