অভিনয়জগতে পরিচিত মুখ মৌসুমী হামিদের জীবনে এলো নতুন আনন্দ। প্রথমবারের মতো মা হয়েছেন এই অভিনেত্রী। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ।
সুখবরটি একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন মৌসুমী নিজেই। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চাননি তিনি।
মাতৃত্বের নতুন অধ্যায়ে এখন পুরো সময়টাই ছেলেকে ঘিরে কাটছে অভিনেত্রীর। সন্তানকে খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে শুরু করে তার যত্ন নেওয়া—সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন তিনি। মা হওয়ার অনুভূতি যে ভাষায় প্রকাশ করার মতো নয়, সেটিও জানিয়েছেন মৌসুমী। ছেলের মুখে নিজের ছায়া দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত জুলাইয়ে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন মৌসুমী। সে সময় স্বামী আবদুল ওয়াদুদকেও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পরিচিতি পান মৌসুমী হামিদ। এক যুগেরও বেশি সময় ধরে নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমেও কাজ করেছেন তিনি।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততা থেকে কয়েক মাসের বিরতি নিতে চান মৌসুমী। এই সময়টা কাটাতে চান সন্তানকে ঘিরেই।
ক্যারিয়ারের ব্যস্ততার মাঝেই জীবনের নতুন এই অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। পর্দার পরিচয়ের বাইরে এখন তার সবচেয়ে বড় পরিচয়—মা।
এফএস