দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পটির পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সময় রাত ২টা ৪০ মিনিট ৫৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের প্রায় ৬০১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ অক্ষাংশের ১৩ দশমিক ৬৬১ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৭২ দশমিক ২৪২ ডিগ্রিতে।
ভূমিকম্পের প্রায় সাত মিনিট পর আন্তর্জাতিক সময় রাত ২টা ৪৭ মিনিটে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র একটি তথ্যবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পটির কারণে সুনামির কোনো ঝুঁকি পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো সতর্কতা, পর্যবেক্ষণ বা পরামর্শ জারির প্রয়োজন নেই বলেও জানায় সংস্থাটি।
এদিকে, ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভানুয়াতু প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। দেশটির রাজধানী পোর্ট ভিলা। বিসলামা, ইংরেজি ও ফরাসি দেশটির সরকারি ভাষা। পর্যটন, কৃষি ও মৎস্য খাত দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি।
ভৌগোলিক অবস্থানের কারণে ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত। এ অঞ্চলে একাধিক টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। গত কয়েক বছরেও দেশটিতে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
এসএস