ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, ২৪ ব্যাগে মিলল দেহাবশেষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:০৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযানে মিলেছে মানুষের দেহাবশেষ। ২৪টি ব্যাগে এসব দেহাবশেষ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ শ্রমিক। তবে উদ্ধার হওয়া দেহাবশেষের ফরেনসিক পরীক্ষা ও পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে দেশটির বানতেন প্রদেশের সেরাং জেলার পিটি ফনুসা আগুং মুলিয়া কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তিনতলা ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালানোর পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে ভবনের কিছু অংশে উদ্ধারকর্মীরা প্রবেশ করতে পারেননি।

প্রাথমিকভাবে অন্তত তিন শ্রমিকের মৃত্যুর খবর জানিয়েছিল দেশটির উদ্ধারকারী সংস্থা। তবে পরবর্তী সময়ে উদ্ধার হওয়া দেহাবশেষের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা শুরু হয়।

কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ক্ষতিগ্রস্ত অংশে প্রায় ৬৫ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জন।

কারখানাটির প্রধান নির্বাহী স্টিভেন উইজায়া জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় পুরো কারখানা প্রাঙ্গণে প্রায় ৩০০ শ্রমিক অবস্থান করছিলেন। নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের তথ্য জানাতে হটলাইন চালু করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

কারখানাটিতে ইন্দোনেশিয়ার জনপ্রিয় দুধজাত ক্যান্ডি ব্র্যান্ড ‘মিলকিটা’ তৈরি করা হয়। দেশটির এই ব্র্যান্ডের পণ্য বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে।

এদিকে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বেঁচে ফেরা কয়েকজন শ্রমিকের ধারণা, কারখানার তৃতীয় তলায় থাকা একটি কুলিং ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, সেখানে নিয়মিত অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হতো। পর্যাপ্ত জরুরি বহির্গমন পথ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পানির মজুতও ছিল।

অগ্নিকাণ্ডে কারখানাটির বড় একটি অংশ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় শনাক্তের পরই এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির প্রকৃত সংখ্যা জানা যাবে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝