বিশ্ববাজারে শেয়ারবাজারে দরপতনের প্রভাবে পণ্যমূল্য কমতে থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় তেলের দামের পতন সীমিত রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) গ্রিনিচ মান সময় ০২টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ২৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.১৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়।
এর আগে টানা তিন সপ্তাহ ধরে জ্বালানি তেলের দাম নিম্নমুখী ছিল। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছে।
তবে মধ্যপ্রাচ্যে নতুন করে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তেলের বাজারে দরপতনের গতি কিছুটা কমিয়ে রেখেছে।
রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করে। একই সময়ে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া যায়।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারদরে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
এফএস