ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সেঞ্চুরিয়নে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। জোহানেসবার্গে হারায় সিরিজ বাঁচাতে এখন দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। সে লক্ষ্য নিয়েই আজ সেঞ্চুরিয়নে মাঠে নামছে সফরকারীরা। তবে এ মিশনে নামার আগে চোট হানা দিয়েছে দলে। নাজমুল হোসেন শান্তরা আজ মাঠে নামছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও ছন্দে থাকা বোলার হাসান মাহমুদকে ছাড়াই। 

সেঞ্চুরিয়নের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাও খেলতে নামছে অধিনায়ক টেম্বা বাভুমাকে ছাড়াই। চোটের কারণে খেলতে পারছেন না তিনি। তবে বাংলাদেশের জন্য ধাক্কাটা আরও বড়। মুশফিকুর রহিমের কুঁচকির চোট এবং হাসান মাহমুদের কনুইয়ের চোটের অর্থ হলো, বাংলাদেশ তাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার এবং সবচেয়ে ছন্দে থাকা বোলারকে ছাড়াই খেলতে নামছে। এর ওপর প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও ৯ উইকেটে হারের ক্ষত কাটিয়ে স্বাগতিকদের হারানোর পথ খুঁজে বের করতে হবে টাইগারদের।

দক্ষিণ আফ্রিকার শিবিরে বাভুমার চোট ছাড়া দুশ্চিন্তার তেমন কিছু নেই। বাংলাদেশের প্রথম ইনিংসের বড় সংগ্রহের জবাবে দারুণ ব্যাটিং করে ১৫৭ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা। নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো প্রথম ইনিংসে ৪০০ রান হজম করার পরও ম্যাচ জয়ের নজির গড়েছে প্রোটিয়ারা। নবাগত মার্কাস অ্যাকারম্যানের অভিষেক সেঞ্চুরির পর রায়ান রিকেলটনের চতুর্থ শতক এবং কাগিসো রাবাদার ৭২ রানের ইনিংসে ভর করে ৫৫০ রান পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বল হাতেও রাবাদা ম্যাচে আটটি উইকেট শিকার করেন, আর দ্বিতীয় ইনিংসে সাইমন হার্মার তাঁর চিরচেনা ভেলকি দেখিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেন। ঘরের মাঠে সর্বশেষ ১৫টি টেস্টের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

জোহানেসবার্গে বাংলাদেশেরও কিছু দারুণ মুহূর্ত ছিল। ১২২ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ২০৬ রানের দুর্দান্ত জুটি গড়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। বিশেষ করে হৃদয় আছেন অবিশ্বাস্য ছন্দে; গত দুই মাসে দুটি মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি।

তবে দক্ষিণ আফ্রিকা লিড নেওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটা বদলে যায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দীর্ঘ জুটি গড়ার সময় মাহফিজুল ইসলামের সংগ্রাম বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্বলতাকেই স্পষ্ট করে তুলেছে। মুমিনুল হকও দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন, আর প্রথম ইনিংসের ভালো ব্যাটিংয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ইনিংসে ধরে রাখতে পারেননি তানজিদ হাসান, হৃদয় ও লিটন।

বাংলাদেশের বোলিং নিয়েও উদ্বেগ রয়েছে, কারণ পেসাররা বেশ কিছু পর্যায়ে লাইন-লেন্থে শৃঙ্খলা ধরে রাখতে পারেননি। ইবাদত হোসেন পর্যাপ্ত দীর্ঘ স্পেলে বোলিং করতে পারেননি, আর দক্ষিণ আফ্রিকার মাটিতে মেহেদী হাসান মিরাজের সংগ্রামও অব্যাহত ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) বর্তমান শিরোপাধারী দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে হলে সেঞ্চুরিয়নে বাংলাদেশকে তাই ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করতে হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাতছাড়া করলেও বাংলাদেশের বিপক্ষে তা পুষিয়ে নিয়েছেন মার্কাস অ্যাকারম্যান। জোহানেসবার্গে দ্বিতীয় দিনে বাংলাদেশের ৪০০ রানের জবাবে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। অ্যাকারম্যান অনেকগুলো দৃষ্টিনন্দন শট খেলার পাশাপাশি নতুন বলের কঠিন সময়ে দারুণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। বোলিং আক্রমণকে হাতের মুঠোয় পেয়ে ১৫০ পেরোনোর পর ইনিংসটিকে আরও বড় করার নির্মম মানসিকতা দেখানোই হবে তাঁর পরবর্তী ধাপ।

অন্যদিকে, গত কয়েক মাসে অস্ট্রেলিয়া সফরে তিনটি শূন্য রানের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে একটি ফিফটি, একটি সেঞ্চুরি এবং নয়টি ডিসমিসাল করে রেকর্ড গড়া টেস্ট ম্যাচ কাটিয়েছিলেন তিনি। আর জোহানেসবার্গ টেস্টে এক ইনিংসে আটটি ডিসমিসাল করে বিশ্ব রেকর্ডই গড়ে ফেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

চোট পাওয়া অধিনায়ক টেম্বা বাভুমা এবং ডেন প্যাটারসনের জায়গায় টনি ডি জর্জি ও আনরিখ নরকিয়াকে একাদশে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, চোটাক্রান্ত মুশফিকুর রহিম ও হাসান মাহমুদের বদলি হিসেবে বাংলাদেশ একাদশে জাকের আলী এবং শরিফুল ইসলামের সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সুপারস্পোর্ট পার্কের উইকেট দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পেস-সহায়ক পিচ হিসেবেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। ভেন্যুটিকে ‘চিরচেনা’ সেঞ্চুরিয়ন পিচ হিসেবে বর্ণনা করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বলেন, "শুরুতে এটি কিছুটা মন্থর থাকতে পারে এবং ম্যাচ গড়ানোর সাথে সাথে গতি বাড়তে থাকে। এটি কিছুটা গতি ও ভারসাম্যের জন্য পরিচিত, তবে একবার সেট হয়ে গেলে বড় রান করার জন্যও দারুণ একটি ভেন্যু।"

সাম্প্রতিক সময়ে এখানে স্পিনারদের করার মতো খুব একটা কিছু ছিল না। এই ভেন্যুতে সর্বশেষ চারটি টেস্টে তাদের ভূমিকা ছিল নগণ্য, এমনকি সাম্প্রতিক প্রথম শ্রেণির ম্যাচগুলোও স্পিনারদের খুব একটা সহায়তা করেনি। গত সেপ্টেম্বরে এখানে টাইটানস-ডলফিনস ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছিলেন স্পিনাররা। আবহাওয়ার কারণে খেলায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে; প্রথম ও তৃতীয় দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ ছাড়া সেঞ্চুরিয়নের আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝