ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেসির মিয়ামিকে ৩-০ গোলে উড়িয়ে প্লে-অফে চমক কলম্বাসের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম
X

এমএলএস কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামিকে হারিয়ে প্লে-অফের শুরুতেই বড় চমক দেখিয়েছে কলম্বাস ক্রু। লিওনেল মেসির দলকে ৩-০ গোলে হারিয়ে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জয় তুলে নিয়েছে তারা। কলম্বাসের হয়ে জোড়া গোল করেছেন গনসালো তাপিয়া। অন্য গোলটি করেছেন তাহা হাবরুনে।

শনিবার মিয়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বাস। ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাপিয়া। বক্সের মধ্যে কলম্বাসের এই ফরোয়ার্ডকে ফাউল করেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি তাপিয়া।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল কলম্বাস। তবে মিয়ামির গোলরক্ষককে কয়েকবার পরীক্ষায় ফেলেও আর গোলের দেখা পায়নি তারা। ২৩ মিনিটে কাছ থেকে নেওয়া মেসির শট দারুণভাবে ঠেকিয়ে দেন কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে। ৩১ মিনিটে মেসির ফ্রি-কিকও রুখে দেন তিনি। প্রথমার্ধে মোট চারটি সেভ করেন শুল্টে।

ম্যাচের ৩৬ মিনিটে বড় ধাক্কা খায় মিয়ামি। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গনসালো লুহানকে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

প্রথমার্ধের শেষ দিকে মেজাজ হারান মেসিও। তাপিয়ার মুখের পাশে বল ছুড়ে মারায় তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। বিরতিতে মাঠ ছাড়ার সময় সমর্থকদের দুয়োও শুনতে হয় মিয়ামির খেলোয়াড়দের।

দ্বিতীয়ার্ধে একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলার সুবিধা কাজে লাগায় কলম্বাস। ৫২ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন তাহা হাবরুনে। এরপর ছয় মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করে মিয়ামির ফেরার পথ আরও কঠিন করে দেন তাপিয়া। সেন্ট ক্লেয়ারের পাশ দিয়ে বল জালে পাঠিয়ে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে কলম্বাসের দুর্দান্ত ছন্দও অব্যাহত থাকল। ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সে ১৫তম স্থানে ছিল দলটি। তবে নিয়মিত মৌসুমের শেষ ছয় ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেয় তারা। লিগে বর্তমানে এটিই সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা।

অন্যদিকে নু স্টেডিয়ামে প্রথম মৌসুমটা ভালো কাটেনি মিয়ামির। ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম চলতি বছর চালু হওয়ার পর সেখানে নিয়মিত মৌসুমের ১৭ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে জিতেছে দলটি। শনিবারের ম্যাচে প্রথমবারের মতো এই মাঠে গোল করতে ব্যর্থ হলো তারা।

ম্যাচ শুরুর আগে মেসির হাতে ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট তুলে দেন ইন্টার মিয়ামির সহমালিক হোর্হে মাস। চলতি মাসের শুরুতে লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই পুরস্কার জেতেন আর্জেন্টাইন মহাতারকা।

নিয়মিত মৌসুমে ২৬ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন মেসি। অ্যাসিস্টের হিসাবে লিগে তাঁর অবস্থান দ্বিতীয়। টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে প্রথম খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়েছেন তিনি। সব মিলিয়ে এমএলএসে একাধিকবার এই পুরস্কার জেতা ষষ্ঠ খেলোয়াড় মেসি।

এবারও এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের সম্ভাবনা রয়েছে তাঁর। তবে প্লে-অফের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর মিয়ামিকে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার, কলম্বাসের মাঠে। সেখানে জিততে না পারলে বর্তমান চ্যাম্পিয়নদের প্লে-অফ অভিযান শেষ হয়ে যেতে পারে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝