ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লিডস ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হেরেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিডস। এই হারে চেলসির কোচ জাবি আলোনসোর ওপর চাপ আরও বাড়ল। লিডসের হয়ে জোড়া গোল করেছেন নোয়া ওকাফোর।
ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় চেলসি। ২৫ মিনিটে ইমানুয়েল এমেগার গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে তিন মিনিট পরই নোয়া ওকাফোরের গোলে সমতায় ফেরে লিডস।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারীরা। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিডসকে এগিয়ে দেন ডমিনিক কালভার্ট-লুইন। এর পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন ওকাফোর। ম্যাচের যোগ করা সময়ে ব্রেনডেন অ্যারনসন চতুর্থ গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় লিডসের।
এই পরাজয়ে চেলসির দুর্দশা আরও বাড়ল। ম্যাচজুড়ে রক্ষণভাগের দুর্বলতা এবং প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে না পারার ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দলটি।
অন্যদিকে এই জয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে লিডস। ১৯৯৯ সালের পর প্রথমবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে তারা।
এদিকে চেলসির এমন পারফরম্যান্সে কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দলের ধারাবাহিক ব্যর্থতা ও বড় ব্যবধানে এই হার তাঁর ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। এখন ঘুরে দাঁড়াতে না পারলে কোচ হিসেবে তাঁর অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে।
এফএস