আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সাতক্ষীরায় টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে এ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদর উপজেলার বিভিন্ন এলাকা ও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি কার্যক্রমও চালানো হচ্ছে।
টহল কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। এ সময় সহকারী কমিশনার মো. তাওহীদুল হাসান, সুশান্ত চন্দ্র সেন, কনোজ দেওয়ান, মো. আবিদ আল আজিজ ও সুবর্ণ মোহন ভাওয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, সাতক্ষীরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।