কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণেই প্রমাণিত হয়, তারা মানুষের কল্যাণের রাজনীতি করেন না। দলটি দেশকে ধ্বংস করার রাজনীতি করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে নীতি-আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে, তা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ পরিচালনার জন্য একমাত্র সঠিক নীতি ও আদর্শ হলো ইসলাম।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বৈষম্য দূর করার প্রত্যাশায় দেশের হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন। কিন্তু যাদের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের আচরণেও আগের মতোই প্রবণতা দেখা যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পূরণ করেনি। গণভোটের রায়ও এখনো বাস্তবায়ন হয়নি।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক আল আমিন এবং বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।
আরএন