চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার ও ইরাত উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরা এক সন্তানের জনক তুষার তাঁর ছোট ভাই ইরাতকে নিয়ে মোটরসাইকেলযোগে ফরহাদাবাদ থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে উল্লেখিত এলাকায় পৌঁছালে নাজিরহাটমুখী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের মোট পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, তাঁর ভাই ইরাতের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একই দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের যাত্রী ফাহিম (১৯) নামের হাটহাজারীর এক যুবকও আহত হয়েছেন। তিনি আরও জানান, তাঁরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
ইউএন/আরএন