বরিশালের গৌরনদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দোকান মালিকসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজার ও খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দোকান মালিক ও তৈলবাহী লরির চালকের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বার্থী বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি প্রথমে মহাসড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে সড়কের পাশে থাকা দুটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকান মালিক কালাম গুরুতর আহত হন।
অন্যদিকে, সকাল ১০টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় একটি তৈলবাহী লরির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালক ও এক হেলপার আহত হন। তাঁদের মধ্যে লরির চালকের অবস্থা আশঙ্কাজনক।
গৌরনদী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মো. সিদ্দিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৃথক দুটি দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস, ট্রাক ও লরি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএস