দুই মাস ধরে আতঙ্ক ছড়ানো নারায়ণগঞ্জের বন্দরের লোকালয়ের একটি পুকুরে থাকা কুমিরটি অবশেষে উদ্ধার করা হয়েছে। টানা কয়েক দিনের প্রচেষ্টা ও প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুর থেকে আট ফুট লম্বা কুমিরটি আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। এ সময় প্রথম দফায় পুকুরে জাল ফেললে সেটি ছিঁড়ে বেরিয়ে যায় কুমিরটি। দ্বিতীয় দফায়ও সেটিকে আটক করা সম্ভব হয়নি। পরে তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে আটকে ফেলেন বন বিভাগের সদস্যরা।
অভিযানে বন বিভাগের বিশেষজ্ঞ দল, উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলে ও বাসিন্দারা অংশ নেন। উদ্ধার করা কুমিরটিকে বন বিভাগের তত্ত্বাবধানে সাফারি পার্কে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। চার দিনের ধারাবাহিক প্রচেষ্টার পর এটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় অভিযান সফল হয়েছে। কুমিরটিকে সাফারি পার্কে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দরের তিনগাঁও এলাকায় প্রথম কুমিরটির দেখা পাওয়া যায়। এরপর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) মুসাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকার একটি পুকুরে আবারও কুমিরটির উপস্থিতি শনাক্ত হয়। কুমিরটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েক দিন ধরে চলা আতঙ্ক অনেকটাই কমেছে।
এসএস/এসএস