রাঙামাটির রাজবন বিহারে বেইনঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে পার্বত্যাঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ৫০তম দানোত্তম কঠিন চীবর দান। দুই দিনব্যাপী এ উৎসব বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মঙ্গলসূত্র পাঠের মধ্য দিয়ে বেইনঘর উদ্বোধন করেন মহাপরিনির্বাণপ্রাপ্ত মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় চরকায় সুতা কেটে চীবর বুননের আনুষ্ঠানিকতা শুরু করেন চাকমা রাজপরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য অধ্যাপক কুমার সমিত রায়ের সহধর্মিণী জয়তি রায়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভিক্ষু সংঘের কাছে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে ৫০তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব। প্রয়াত পার্বত্য ধর্মীয় গুরু বনভান্তের স্মৃতির উদ্দেশ্যে এ চীবর উৎসর্গ করবেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। পরে বিহারের আবাসিক ভিক্ষুরা বেইনঘর প্রদক্ষিণ করেন এবং চীবর বুননে অংশ নেওয়া পুণ্যার্থীদের আশীর্বাদ করেন।
এ সময় শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, রাজবন বিহারের ৫০তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়ে পুণ্যার্থীরা যে পুণ্য সঞ্চয় করবেন, সেই পুণ্যের মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তি কামনা করা হবে। তিনি বলেন, এ উৎসব এখন শুধু পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এ উৎসবের মাধ্যমে আমরা সবার মঙ্গল কামনা করি।
শুক্রবার সকালে মূল অনুষ্ঠান শুরুর আগে প্রথম পর্বে সংঘদান, অষ্টপরিষ্কার দান, সদ্ধর্ম দেশনা ও ভিক্ষু সংঘকে পিণ্ডদান অনুষ্ঠিত হবে। এরপর দুপুরে শুরু হবে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা। বেইনঘর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিহার এলাকা প্রদক্ষিণ করে রাজবন বিশ্বশান্তি প্যাগোডার পাশের বড় মাঠে অনুষ্ঠানের মঞ্চে গিয়ে শেষ হবে।
অনুষ্ঠানে কঠিন চীবরের পাশাপাশি বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, রাজবন বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণের জন্য অর্থসহ বিভিন্ন দানীয় সামগ্রী দান করবেন পুণ্যার্থীরা। এ ছাড়া থাকবে ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের ধর্মীয় বক্তব্য।
বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া রঙের কাপড়কে বলা হয় চীবর। প্রাচীনকালে বিশাখা নামের এক নারী ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে চরকায় সুতা কেটে, তা রং করে আগুনে শুকিয়ে তাঁতে কাপড় বুনে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের দানের প্রথা প্রচলন করেন। এ নিয়ম অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয় বলে এর নাম কঠিন চীবর দান।
পার্বত্যাঞ্চলের বৌদ্ধরা প্রাচীন নিয়ম মেনেই দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন করেন। এ প্রথা অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের উৎসর্গ করা হয়। বিশ্বের অন্য কোথাও এ নিয়মের প্রচলন নেই বলে দাবি আয়োজকদের। এ কারণে কঠিন চীবর দানে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী এ উৎসবে সমবেত হন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে রাজবন বিহারসহ পুরো রাঙামাটি শহর। উৎসবে যোগ দিতে বৃহস্পতিবার থেকেই রাজবন বিহারে পুণ্যার্থীদের ঢল নেমেছে। পুণ্যময় এ অনুষ্ঠানে অংশ নিতে সড়ক ও নৌপথে তিন পার্বত্য জেলার বিভিন্ন পাহাড়ি গ্রাম ও জনপদ থেকে হাজার হাজার সদ্ধর্মপ্রাণ নারী-পুরুষ সমবেত হচ্ছেন। এ ছাড়া দেশ-বিদেশ থেকে অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমন ঘটছে।
উৎসবকে কেন্দ্র করে রাজবন বিহার এলাকায় বসেছে মেলা। ধর্মীয় কীর্তন, নাটক, চরকায় সুতা কাটা, বেইন বোনা ও কল্পতরু শোভাযাত্রাসহ নানা বর্ণাঢ্য আয়োজন চলছে।
বৌদ্ধশাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির প্রথা প্রচলন করেন। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালনের পর বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করা হয়। এ ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে বিশাখা প্রবর্তিত নিয়ম অনুসারে রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়ে আসছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, জগতে যত প্রকার দান রয়েছে, তার মধ্যে চীবর দানই সর্বোত্তম দান।
বৃহস্পতিবার চরকায় সুতা কাটার মধ্য দিয়ে চীবর তৈরির কাজ শুরু হয়। রাজবন বিহারের বিশাল এলাকাজুড়ে অর্ধশতাধিক চরকা ও ২০৫টি বেইন স্থাপন করা হয়েছে। প্রায় এক হাজার নারী এ চীবর তৈরির কাজে অংশ নিচ্ছেন।
উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিহারের ভেতরে ও বাইরে প্রায় ৬০০ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
শুক্রবার রাতে রাজবন বিহারে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
এসআই/আরএন