সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত-পাকিস্তান কূটনৈতিক সংঘাত ফের পৌঁছল রাষ্ট্রসংঘের মঞ্চে। যৌথ নদীর জলকে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে পাকিস্তানের ২৪ কোটি মানুষকে জিম্মি করা যায় না বলে ভারতকে কড়া বার্তা দিল ইসলামাবাদ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই অভিযোগ তুললেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের উপস্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন।
বুধবার নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাদুন অভিযোগ করেন, ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পাকিস্তানে নদীর জলপ্রবাহ বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে নয়াদিল্লি। তাঁর দাবি, ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের ২৪ কোটিরও বেশি মানুষের জীবন, জীবিকা, কৃষি ও অর্থনৈতিক নিরাপত্তা বিপন্ন হতে পারে।
পাকিস্তানি রাষ্ট্রদূতের বক্তব্য, যৌথ জলসম্পদকে রাজনৈতিক চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক চুক্তির নীতির পরিপন্থী। কোনও দেশেরই প্রাকৃতিক সম্পদকে অন্য দেশের বিরুদ্ধে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। জলবণ্টন সংক্রান্ত বিরোধের সমাধান হতে হবে আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে।
আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ের প্রসঙ্গ তুলে ভারতের বিরুদ্ধে সরব পাকিস্তান
নিজের বক্তব্যে ২০২৬ সালের ৩১ অগস্ট আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ের প্রসঙ্গও তুলে ধরেন উসমান জাদুন। তাঁর দাবি, ওই রায়ে সিন্ধু জলচুক্তি কার্যকর রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং চুক্তির আওতায় ভারতের দায়বদ্ধতাও বহাল রয়েছে।
জাদুনের বক্তব্য, কোনও দেশ একতরফাভাবে আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা এড়িয়ে যেতে পারে না। যৌথ নদীর জলপ্রবাহ নিয়ে রাজনৈতিক চাপ তৈরি হলে তার প্রভাব শুধু দুই দেশের সম্পর্কে সীমাবদ্ধ থাকবে না, গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার উপরেও পড়তে পারে।
পহেলগাঁও হামলার পর থেকেই জলচুক্তি নিয়ে সংঘাত
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে ভারত। যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।
১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু জলচুক্তি। এই চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলের রাভি, বিয়াস ও শতদ্রু নদীর জল ব্যবহারের অধিকার মূলত ভারতের এবং পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল ব্যবহারের অধিকার মূলত পাকিস্তানের জন্য নির্ধারিত।
রাষ্ট্রসংঘে শান্তিপূর্ণ সমাধানের দাবি পাকিস্তানের
বক্তব্যে রাষ্ট্রসংঘ সনদের ৩৩ নম্বর অনুচ্ছেদ এবং নিরাপত্তা পরিষদের ২৭৮৮ নম্বর প্রস্তাবের উল্লেখ করেন পাকিস্তানের প্রতিনিধি। তাঁর দাবি, আলোচনা, মধ্যস্থতা ও আন্তর্জাতিক আইনের আওতায় শান্তিপূর্ণ পদ্ধতিতেই এই ধরনের বিরোধের নিষ্পত্তি হওয়া উচিত।
লাইবেরিয়ার উদ্যোগে আয়োজিত ‘প্রাকৃতিক সম্পদ ও সংঘাত: প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা জোরদার’ শীর্ষক বৈঠকে বক্তব্য রাখেন জাদুন। প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে সংঘাত প্রতিরোধ, অবৈধ সম্পদ আহরণ বন্ধ এবং স্থানীয় জনগণের উন্নয়নে প্রাকৃতিক সম্পদের সুফল নিশ্চিত করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।
সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন যে এখনও অব্যাহত, রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের এই বক্তব্যে তা ফের স্পষ্ট হয়েছে। একদিকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, অন্যদিকে পাকিস্তানের জলসম্পদ ও আন্তর্জাতিক চুক্তি নিয়ে আপত্তি—দুই দেশের অবস্থানের সংঘাতে নতুন করে গুরুত্ব পাচ্ছে দক্ষিণ এশিয়ার জলকূটনীতি।
এফএস