ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শীর্ষ বৈঠকের আগে পূর্ব এশিয়ায় রুশ বোমারু বিমান মোতায়েন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:২৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শন করেছে মস্কো। ভিয়েতনামের দানাং বিমানবন্দরে দুটি কৌশলগত বোমারু বিমান ও দুটি দূরপাল্লার জ্বালানিবাহী ট্যাংকার বিমান পাঠিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এক দশকের বেশি সময় পর এ অঞ্চলে রাশিয়ার এমন গুরুত্বপূর্ণ সামরিক বিমান মোতায়েন বিশেষ রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করছে।

বুধবার (১৮ নভেম্বর) ভিয়েতনামের দানাং বিমানবন্দরে রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান অবস্থান করতে দেখা যায়। ন্যাটোর কাছে ‘বিয়ার’ বা ভালুক নামে পরিচিত এই বিমানগুলোর সঙ্গে ছিল আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহে সক্ষম দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান।

এর আগে মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চল থেকে দক্ষিণ দিকে উড়ে আসার সময় রুশ সামরিক বিমানগুলোর গতিবিধি নিয়ে সতর্ক হয়ে ওঠে জাপান ও তাইওয়ানের বিমানবাহিনী।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) ৩৩তম সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৌঁছানোর আগে বিমানগুলো ওই পথে উড়ে যায়। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা আসিয়ানের বৈঠকে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছিলেন।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের নিরাপত্তা গবেষক ইয়ান স্টোরি বলেন, ইউক্রেনে যুদ্ধ চললেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা রাশিয়ার রয়েছে, আঞ্চলিক দেশগুলোকে সেই বার্তা দেওয়াই এ মোতায়েনের অন্যতম উদ্দেশ্য।

ইয়ান স্টোরির তথ্য অনুযায়ী, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বিমান মোতায়েনের সর্বশেষ নজির পাওয়া যায় ২০১৪ সালে। সে সময় হ্যানয় রুশ যুদ্ধজাহাজ ও সামরিক বিমানকে কাম রান উপসাগরের ঘাঁটি এবং দানাং বিমানঘাঁটি ব্যবহারের বিশেষ সুবিধা দিয়েছিল।

স্নায়ুযুদ্ধের সময় কাম রান উপসাগরে রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল। অন্যদিকে ভিয়েতনাম যুদ্ধের সময় কাম রান ও দানাংয়ে বিমানঘাঁটি গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্র।

স্টোরি জানান, ২০১৪ সালে দানাংয়ে জ্বালানিবাহী ট্যাংকার বিমান মোতায়েন করেছিল রাশিয়া। এসব বিমান প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির কাছাকাছি টিইউ-৯৫ বোমারু বিমানের উড্ডয়নে সহায়তা করেছিল।

এরপর এ ধরনের মোতায়েনের আর কোনো ঘটনা তাঁর জানা নেই। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হ্যানয়ের কাছে আপত্তি জানানোর পর এ কার্যক্রম বন্ধ হয়ে থাকতে পারে বলে ধারণা তাঁর।

সামরিক বিশেষজ্ঞদের মতে, টিইউ-৯৫ বোমারু বিমানের কিছু সংস্করণ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এ ছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজেও এসব বিমান ব্যবহার করা হয়।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের ভিয়েতনামবিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ নগুয়েন দ্য ফুয়ং বলেন, গত বছর পুরোনো ব্যবস্থাটি আবার চালুর অনুরোধ জানিয়েছিল মস্কো। তবে শুরুতে এ বিষয়ে দ্বিধায় ছিল হ্যানয়।

তাঁর মতে, এবারের মোতায়েনের তাৎক্ষণিক উদ্দেশ্য জ্বালানি নেওয়া হলেও এটি ভিয়েতনামের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে দেশটিতে আরও রুশ সামরিক বিমান মোতায়েনের সুযোগ তৈরি হতে পারে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের গবেষক চিয়ে চুং বলেন, তাইওয়ানের কাছাকাছি রুশ সামরিক বিমান দেখা যাওয়ার ঘটনা নতুন নয়। ১৯৮৬ ও ২০১০ সালেও টিইউ-৯৫ বোমারু বিমান এ অঞ্চলে উড়েছিল।

তবে এবারের উড্ডয়নের সময়টি রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের বৃহস্পতিবারের শীর্ষ বৈঠকের আগে এ সময়টি বেছে নিয়েছে মস্কো।

বৈঠকের আগে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার চিত্র তুলে ধরাও এ পদক্ষেপের উদ্দেশ্য হতে পারে বলে মনে করেন এই গবেষক।

চীন ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। তাইওয়ানের ওপর বেইজিংয়ের ভূখণ্ডগত দাবিকে মস্কো বারবার সমর্থন জানিয়েছে। অন্যদিকে চীনের বিমান ও নৌবাহিনী নিয়মিত তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা চালায়।

তাইওয়ানের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান হুয়াং চিহ-ওয়েই বুধবার রাজধানী তাইপেতে সাংবাদিকদের বলেন, রুশ সামরিক বিমানগুলোর উড্ডয়ন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে।

বিশেষজ্ঞদের ধারণা, রুশ সামরিক বিমান মোতায়েনের অনুমতি দিয়ে প্রতিবেশী চীনকেও কৌশলগত বার্তা দিতে পারে ভিয়েতনাম। দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া। সামরিক সরঞ্জাম ও কারিগরি সহায়তার ক্ষেত্রে মস্কোর ওপর এখনো অনেকটাই নির্ভরশীল হ্যানয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর ভিয়েতনাম বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা শুরু করে। তবে রুশ যন্ত্রাংশ ও কারিগরি সহায়তার ওপর দেশটির নির্ভরতা এখনো রয়েছে। রাশিয়া থেকে নতুন সামরিক সরঞ্জাম কেনার বিষয়েও আলোচনা চলছে।

নগুয়েন দ্য ফুয়ংয়ের মতে, রুশ বিমান মোতায়েনের অনুমতি দিয়ে ভিয়েতনাম চীনকে বোঝাতে চাইতে পারে, মস্কোর সঙ্গে তাদের সামরিক সম্পর্ক এখনো শক্তিশালী।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়েও চীন ও ভিয়েতনামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ পরিস্থিতিতে চীনের আঞ্চলিক প্রভাবের ভারসাম্য রক্ষায় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত সুবিধা হিসেবে বিবেচনা করে হ্যানয়।

গত সেপ্টেম্বরের শেষ দিকে বেইজিং জানায়, লাওসের বিমানবাহিনীর প্রশিক্ষণের জন্য দেশটিতে একটি নতুন সামরিক বিমানক্ষেত্র নির্মাণে সহায়তা করছে চীন। ভিয়েতনাম প্রকাশ্যে এ পদক্ষেপের সমালোচনা না করলেও প্রশিক্ষণকেন্দ্রটি যাতে সামরিক ঘাঁটিতে পরিণত না হয়, সে বিষয়ে নজর রাখছে বলে জানান ফুয়ং।

নিরাপত্তা গবেষক ইয়ান স্টোরির মতে, রুশ বোমারু বিমান মোতায়েনের অনুমতি দিয়ে ভিয়েতনাম চীনকে বোঝাতে চাইতে পারে, রাশিয়ার সঙ্গে তাদের সামরিক সম্পর্ক এখনো যথেষ্ট শক্তিশালী।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝