ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়লেন সৌদির দৃষ্টিপ্রতিবন্ধী রাশাদ নাকিব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:২৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক হিসেবে নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন রাশাদ নাকিব। আরেক সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে ৯ দিন দুর্গম পথ পাড়ি দিয়ে নেপালের মাউন্ট এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে তিনি এই বিরল মাইলফলক অর্জন করেন। ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পথটি ছিল বেশ কঠিন। পাহাড়ি জনপদ, পাথুরে পথ ও বরফে ঢাকা দুর্গম এলাকা পাড়ি দিতে রাশাদ নাকিবের ভরসা ছিল ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনা। এভারেস্টের চূড়ায় ওঠার অভিজ্ঞতা থাকা বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন।

দুর্গম পথে নাকিবকে কীভাবে দিকনির্দেশনা দিয়েছেন, সে অভিজ্ঞতা ইনস্টাগ্রামে তুলে ধরেছেন আল-শাইবানি। তিনি লেখেন, পথের ধরন পরিবর্তন হলে কিংবা সামনে খাড়া কোনো ধাপ থাকলে নাকিবকে তা জানিয়ে দিতেন। নাকিব তার কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করতেন। পাশাপাশি লাঠি এবং পায়ের স্পর্শে পথের অবস্থা বুঝে নিতেন।

আল-শাইবানি জানান, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’

নাকিবের শৃঙ্খলাবোধ ও অটল সংকল্পেরও প্রশংসা করেন আল-শাইবানি। তার ভাষ্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদেরও যেন রোমাঞ্চকর ও কঠিন অভিযানে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয় এবং তারা উৎসাহিত হন, সেটিই ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।

অভিযান শেষে নিজের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি জানান, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি আস্থা তাকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে। তার আশা, এই অর্জন তরুণদের নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহ জোগাবে এবং প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।

অভিযানটির অভিজ্ঞতা ও মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: সিয়াসাত ডেইলি, সৌদি গেজেট

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝